গোপালগঞ্জের কাশিয়ানীতে নিজের পেটে ছুরি চালিয়ে বাদল বিশ্বাস (৩৫) নামে এক ইউপি সদস্য আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতে কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের তালতলা গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত বাদল বিশ্বাস নিজামকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য। তিনি ওই গ্রামের অমল বিশ্বাসে ছেলে।
কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম ও নিজামকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহব্বত হোসেন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের ভাই সজল জানিয়েছেন, তার ভাই ইউপি সদস্য বাদল এক বছর আগে এ্যাসেনসিয়াল ড্রাগসে ছোট ভাইয়ের চাকরির জন্য নিজামকান্দি গ্রামের শংকর বিশ্বাস নামে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা দেন। কিন্তু চাকরি না দিয়ে টাকা নিয়ে ৩ মাস আগে ভারতে পালিয়ে যায় শংকর। ভাইয়ের চাকরি হয়নি। পাশাপাশি টাকা খুইয়ে মানসিকভাবে ভেঙে পড়ে বাদল।
তিনি সোমবার রাতে বাড়ির পেছনের দিকে গিয়ে পেটে ছুড়ি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা তাকে সংকট জনক অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে বাদল মারা যায়।
সজল জানিয়েছেন, এ ব্যাপারে তারা কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। মঙ্গলবার ইউপি সদস্যের লাশ পারিবারিক শশ্মানে দাফন করা হয়েছে।
কাশিয়ানীর রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহের ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ করা হলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
ইত্তেফাক/এএম।