বেনাপোল সীমান্তের পুটখালী ইছামতী নদী থেকে মঙ্গলবার দুপুরে শরীফ উদ্দীন(৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। নিহত শরীফ পুটখালী গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
গ্রামবাসীরা জানায়, নিহত শরীফ সোনা চোরাকারবারিদের বহনকারী হিসাবে কাজ করতো। রোববার সকালে সে পুটখালীর কয়েকজন সোনা বহনকারীদের সাথে সোনা নিয়ে ইছামতী নদী পার হয়ে ভারতে যাচ্ছিল। এ সময় তার সাথে থাকা চার সোনা বহনকারী সঙ্গী তাকে হত্যা করে ৪ কেজি সোনা কেড়ে নিয়েছে বলে জানায় তারা। পরের দিন সোমবার সকাল থেকে তাকে খুঁজে পাওয়া না গেলে চারিদিকে খোঁজাখুঁজি করা হয়। পরে আজ মঙ্গলবার সকালে ইছামতী নদীতে শরীফের লাশ ভাসতে দেখে পুলিশ কে খবর দেয়া গ্রামবাসী।
নিহতের পরিবারের লোকজন জানায়, শরীফের সাথে থাকা ভুট্টু ও মান্নান তার কাছ থেকে ৪ কেজি ওজনের সোনার বার কেড়ে নিয়ে তাকে এসিড দিয়ে পুড়িয়ে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। তারা অভিযোগ করে বলেন, এখন ঘাতকরা মামলা না করার জন্য হুমকি দিচ্ছেন নিহতের পরিবারের সদস্যদের।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার এসআই হাবিবুর রহমান জানান, নদী থেকে নিহত শরীফের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত না করা পর্যন্ত বলা যাচ্ছেনা যে তাকে কিভাবে হত্যা করা হয়েছে। তবে আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
ইত্তেফাক/রেজা