পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনের বিরুদ্ধে একটি ফৌজদারী মামলার চার্জশীট আদালত কর্তৃক গৃহীত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রনালয় তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। ২১ আগষ্ট স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোঃ মাহাবুবুর রহমান স্বাক্ষরিত ৬৬৮ নং প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে পীরগঞ্জের ইউএনও এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সাময়িক বরখাস্তের আদেশের কপি ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনের কাছে হস্তান্তর করেন।
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনের বিরুদ্ধে উপজেলার চন্দরিয়া গ্রামের তারিকুল ইসলাম পীরগঞ্জ থানায় চলতি বছরের ৮ জানুয়ারিতে জমি দখল ও চাঁদাবাজির মামলা (০৯/২০১৭ নং) দায়ের করেন। পীরগঞ্জ থানা পুলিশ তদন্ত শেষে চেয়ারম্যান জালাল উদ্দিনসহ ১২ জনের বিরুদ্ধে ২৮ ফেব্রুয়ারি আদালতে চার্জশীট দাখিল করে। আদালত চার্জশীট গ্রহন করায় চেয়ারম্যান জালাল উদ্দিন কর্তৃক ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোনে সমীচীন নয় বলে সরকার মনে করায় স্থানীয় সরকার আইন (ইউনিয়ন পরিষদ), ২০০৯ এর ৩৪(১) ধারা মোতাবেক চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
ইত্তেফাক/রেজা