যশোরের শিল্প শহর নওয়াপাড়ায় ট্রেনে কাটা পড়ে লিপি বেগম (৪০) নামে একজন মিল শ্রমিক নিহত হয়েছেন। এ সময়ে অপর শ্রমিক তাসলিমা খাতুন গুরুতর আহত হয়েছেন। আহত তাসলিমাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।
মঙ্গলবার দুপুরে নওয়াপাড়ার সরদার মিল এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত লিপি বেগমের স্বামী সামাদ সরদার জানান, মঙ্গলবার বেলা ২টার দিকে নওয়াপাড়ার সরদার জুট মিলের শ্রমিক লিপি বেগম ও তাসলিমা খাতুন পাঁচকবর এলাকা থেকে রেল লাইনের ওপর দিয়ে মিলে যাচ্ছিলেন। এ সময় যশোরগামী ট্রেন তাদেরকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা চলাকালে মঙ্গলবার বিকালে লিপি বেগমের মৃত্যু হয়। নিহত লিপি বেগম খুলনার ডুমুরিয়া উপজেলার রুদ্রঘরা গ্রামের হাছেন গাজীর মেয়ে।
ইত্তেফাক/নূহু