হোমনায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

 
হোমনায় সাপের কামড়ে মো. জয়নাল আবেদিন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের মো. সুরুজ মিয়ার ছেলে। 
 
নিহতের মেয়ে ইসয়াসমিন আক্তার জানান, তার বাবা সকালে বাড়ির পাশে জমিতে গরুর ঘাস কাটতে যান। ঘাস কাটার এক পর্যায়ে একটি বিষধর সাপ তার বাম পায়ে কামড় দেয়। এসময় তিনি সাপটিকে লাথি মেরে ছুড়ে ফেলে দেন। এরপর সাপটি আবার ও তাকে দংশন করে। এভাবে একই পায়ে তিনবার দংশন করে। পরে তিনি পায়ে  হেঁটে বাড়িতে আসেন। 
 
এরপর সিএনজি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথে সিএনজিতেই বাবা লুটিয়ে পড়েন। হাসতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. মো. সরফরাজ খান বলেন, সাপের কামড়ের রোগীটি হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আহত অবস্থায় নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢামেক হাসপাতালে পাঠালে হয়তো বাঁচার সম্ভাবনা ছিল। 
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল বাশার মোল্লা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/কেকে