তাড়াশে ধর্ষণের অভিযোগে দুই যুবলীগ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জের তাড়াশে মঙ্গলবার দিনগত রাতে কিশোরী ধর্ষণের অভিযোগে দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ। গ্রেফতারকৃত মো. আনিছুর রহমান (২৮) নওগাঁ ইউনিয়ন যুবলীগের তথ্যবিষয়ক সম্পাদক এবং মহির উদ্দীন (২৯) নওগাঁ ৬নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। বুধবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। 
 
মামলা সূত্রে ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, ওই কিশোরী পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলা থেকে ৪দিন পূর্বে তার ছোট ভাইয়ের সঙ্গে তাড়াশের মান্নান নগর এলাকায় বোনের বাড়িতে বেড়াতে আসেন। গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে ছোট ভাইকে নিয়ে তিনি বোনের বাড়ি থেকে মহিষলুটি এলাকায় ঘুরতে বের হন। এ সময় যুবলীগ নেতা আনিছুর রহমান ও মহির উদ্দিন ওই কিশোরীকে জোর করে অটোভ্যানে করে নওগাঁ-মহিষলুটি আঞ্চলিক সড়কের বিদ্যাধর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে দুইজন মিলে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে কিশোরীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ দিকে ওই কিশোরীর ছোট ভাইটিরও কোন সন্ধান মিলছেনা।
 
তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন খান এবং নওগাঁ ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হাই জানান, গ্রেফতারকৃত দুই যুবলীগ নেতাকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে।
 
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, ধর্ষণের অভিযোগে মঙ্গলবার দিনগত রাতেই ওই কিশোরী বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বুধবার সকালে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই