হাটহাজারীতে বঙ্গবন্ধুর ছবিযুক্ত ব্যানার ছেঁড়ার অভিযোগে মামলা

জাতীয় শোক দিবসের দিন বিকালে হাটহাজারী বাসস্টেশন জিরো পয়েন্টে জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসম্বলিত ব্যানার ছেঁড়ার অভিযোগে চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা দায়ের হয়েছে। বুধবার (২৩ আগস্ট) হাটহাজারী উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. ইকবাল হোসেন দ্রুত বিচার আইনে এ মামলা দায়ের করেন।

মামলায় হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান, হাটহাজারী পৌরসভা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. শাহেদ, যুবলীগ নেতা নূরুল কবির রাসেল, ছাত্রলীগ নেতা তানিম এবং বদিউল আলমসহ অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০জনকে অভিযুক্ত করা হয়েছে। আদালত মামলা গ্রহণ করে ১০ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলার বাদি মো. ইকবাল হোসেন জানান, জাতীয় শোক দিবসের দিন বাসস্টেশন জিরো পয়েন্টে তার নেতৃত্বে শোক মিছিলে অভিযুক্তরা হামলা চালায়। এ সময় তারা বঙ্গবন্ধুর ছবিসম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলেন। ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির নামে অভিযুক্তরা কিভাবে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ছিঁড়তে পারেন-এমন প্রশ্ন তোলেন তিনি।

এদিকে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. হাসান জানান, তিনি ও অন্যান্য অভিযুক্তদের বিষয়ে আনিত অভিযোগ ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবে তারা সেদিন বাসস্টেশন জিরো পয়েন্টে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত শোক দিবসের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ওই দিন থেকে অদ্যাবধি হাটহাজারীর রাজনৈতিক অঙ্গণ বেশ উত্তপ্ত। এ নিয়ে ক্ষমতাসীন দলের বিভিন্ন গ্রুপের নেতাকর্মীদের দেশীয় তৈরি অস্ত্র হাতে ব্যাপক মহড়া এবং গুলিবর্ষণ জনমনে ভীতির সঞ্চার করছে। পাশাপাশি শান্তির জনপদ হাটহাজারীকে অশান্ত করে তুলেছে।

ইত্তেফাক/নূহু