পাবনায় জয়কালীবাড়ি মন্দিরে প্রতিমার গহনা চুরি

 
পাবনা শহরের জয়কালীবাড়ি মন্দির থেকে প্রতিমার গহনা চুরির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর চারটা ১০ মিনিটের দিকে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা সাড়ে ৩ ভরি স্বর্নালঙ্কার ও অন্তত ৭৫ ভরি রূপার অলঙ্কার চুরি করে নিয়ে গেছে বলে দাবি মন্দির কর্তৃপক্ষের। সদর থানা থেকে এই মন্দিরের দুরত্ব মাত্র কয়েক গজ। 
 
জয়কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিনয় জ্যোতি কুন্ডু জানান, সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী ভোর ৪টা ৯ মিনিটে চোরের দল মন্দিরের পেছনের দিক দিয়ে মন্দিরে ঢোকে। এরপর দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তারা প্রথমে সিসি ক্যামেরা বন্ধ করে দেয়। এ সময় মন্দিরের পুরোহিত সুবির বাগচী ঘুমিয়ে ছিলেন। চোরের দল মন্দিরের বিভিন্ন প্রতিমা থেকে সোনা ও রূপার গহনা চুরি করে নিয়ে যায়। 
 
সকালে পুজারীরা মন্দিরে পুজা দিতে গিয়ে দেখতে পান মন্দিরের দরজার তালা ভাঙ্গা। পরে হিসেব করে দেখা যায় সাড়ে ৩ ভরি স্বর্নালঙ্কার, ৭৫ ভরি রূপার গহনা চুরি হয়েছে। যার আনুমানিক মুল্য আড়াই থেকে তিন লাখ টাকা।
 
খবর পেয়ে জেলা প্রশাসক রেখা রানী বালো, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকসহ মন্দির কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। থানা থেকে কয়েক গজ দুরে শহরের প্রধান মন্দিরে এমন চুরির ঘটনায় উদ্বেগ বিরাজ করছে।
 
সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান জানান, চোরের দল তাড়াহুরো করে চুরি করায় অনেক প্রতিমা থেকে গহনা নিতে পারেনি। মন্দিরের কোনো নৈশপ্রহরী ছিল না। 
 
তিনি জানান, সিসি ক্যামেরা থেকে পাওয়া কিছু ফুটেজ থেকে চোরের দলের সদস্যদের চিহ্নিত করার চেষ্টা চলছে। 
 
ইত্তেফাক/কেকে