ধুনটে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

 
বগুড়ার ধুনট উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর রাকিব হোসেন (১১) নামে এক স্কুলছাত্রের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার চিকাশি ইউনিয়নের মোহনপুর গ্রামের বালিয়ামারা খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রাকিব হোসেন মোহনপুর গ্রামের আব্দুল ওহাবের একমাত্র ছেলে।
 
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাকিব হোসেনের বাবা আব্দুল ওহাব ঢাকায় একটি নির্মাণ প্রতিষ্ঠানে চাকরি করেন। সেই সুবাদে একমাত্র সন্তান রাকিব ও স্ত্রীকে নিয়ে আব্দুল ওহাব ঢাকায় ভাড়া বাসায় থাকেন। রাকিব ঢাকার একটি বেসরকারি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। প্রায় ২ মাস আগে দাদীর মৃত্যুর সংবাদ পেয়ে মা-বাবার সঙ্গে বাড়িতে আসে রাকিব। 
 
মঙ্গলবার বিকেল থেকে রাকিব হোসেন রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। নিকট আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে অনুসন্ধান করে রাকিবকে পাওয়া যায়নি। ফলে বুধবার বিকেলে রাকিবের বাবা ছেলের সন্ধান চেয়ে ধুনট থানায় একটি সাধারণ ডাইরী (জিডি) করেন। 
 
এদিকে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাকিব হোসেনের মৃতদেহ বাড়ির অদুরে বালিয়ামারা খালের পানিতে কস্তুরী পানার ভেতর ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে ধুনট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাকিব হোসেনের ভাসমান লাশ উদ্ধার করে। 
 
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ধুনট থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করে মৃতদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দিয়ে রাকিবের মৃতদেহ তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে