গাইবান্ধায় বন্যায় ৬৮০ কি.মি সড়ক বিধ্বস্ত

গাইবান্ধায় চলতি বন্যায় ১৩ জনের মৃত্যু, ২৩টি ব্রিজ-কালর্ভাট, ৬৮০ কিলোমিটার সড়ক ও ৪২ কিলোমিটার বাঁধ বিধ্বস্ত হয়েছে। 
 
এ ছাড়া ২৭ হাজার ১৬৭ হেক্টর জমির ফসল নিমজ্জিত, ২ হাজার ৩৯৫টি পুকুরের মাছ ভেসে গেছে। বন্যায় জেলার সাত উপজেলার ৫ লাখ ৭২ হাজার ৭৩১ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। 
 
গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল জানান, চলতি বন্যায় মৃত্যু ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজন শিশু, একজন কিশোরী ও একজন নারী পানিতে ডুবে মারা গেছেন। এ ছাড়া তিনজন বিদ্যুৎস্পৃষ্টে ও একজন সাপের কামড়ে মারা যান। 
 
তিনি আরো জানান, বিধ্বস্ত ৬৮০ কিলোমিটার সড়কের মধ্যে কাঁচাসড়ক ৬০৭ কিলোমিটার ও পাকা সড়ক ৭৩ কিলোমিটার। এ ছাড়া বন্যায় ১ লাখ ২১ হাজার ১৫৭টি ঘরবাড়ি, ৩৫০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৭৩টি ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। ৩ হাজার ৩১টি নলকুপ নষ্ট হয়ে গেছে। বন্যার কারণে ৩৯৬টি প্রাথমিক বিদ্যালয় ১১টি উচ্চ বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখা হয়েছে। বন্যা দুর্গতদের মধ্যে ১ হাজার ৫৮৬ মে.টন খাদ্যশস্য ও নগদ ৪২ লাখ ১০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি