তালতলী উপজেলার উত্তর ঝারাখালী, আলীর বন্দর ও কড়াইবাড়ীয়া গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভাঙন হুমকিতে পড়েছে। স্থানীয় এক ব্যক্তিমালিকানাধীন মাছ চাষের ঘের ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আলীর বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির পাশে জহিরুল হক খানের ব্যক্তিমালিকানাধীন একটি মাছ চাষের ঘের রয়েছে। যা প্রতিবছর ভাঙতে ভাঙতে বর্তমানে বিদ্যালয় ভবনটি ছুঁয়ে ফেলেছে। যে কোনো মুহূর্তে স্কুলটি ভেঙে পড়তে পারে। ঘেরের পানি বেশি হওয়ায় কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বেশ চিন্তায় থাকেন শিক্ষক ও অভিভাবকরা। শুধু স্কুল ভবনই নয় ওই ঘেরের কারণে ভাঙতে শুরু করেছে তালতলী থেকে জেলা শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কটিও।
উপ-সহকারী প্রকৌশলী সঞ্জিব কুমার তালুকদার বলেন, মানুষের সৃষ্টি দুর্যোগের মধ্যে রয়েছে স্কুলটি। যে কোনো সময় ভেঙে পড়তে পারে স্কুল ভবন।
এদিকে ঘের মালিক জহিরুল ইসলাম ভাঙনের কথা স্বীকার করে বলেন, ভাঙন ঠেকাতে একবার মাটি দিয়েছেন। তিনি আরও বলেন, ঘেরের পানি সেচ করে মাটি দিয়ে ভবনের পাশটা ভরাট করে দেবো।
তবে উপজেলা শিক্ষা অফিসার মহা. মনিরুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই। দেখে ব্যবস্থা গ্রহণ করবো।
ইত্তেফাক/নূহু