কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবির সদস্য আরমান আলী (৪২) নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে উপজেলার বোয়ালিয়া মাঠের মধ্যে তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও তিনটি ধারাল চাপাতি উদ্ধার করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, নাশকতা সৃষ্টির জন্য বোয়ালিয়া মাঠের মধ্যে তিন রাস্তার মোড়ে জঙ্গিরা বৈঠক করছিল।খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে এক জঙ্গি গুলিবিদ্ধ হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আরমান আলী নব্য জেএমবির সদস্য এবং তার বিরেুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঠাকুর দৌলতপুর গ্রামের আছান আলীর ছেলে।
ইত্তেফাক/ইউবি