যেকোন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময়ই ছিল এবং থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যাকবলিত এলাকাসহ যে কোন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সব সময় মন্ত্রী ও এমপি মহোদয়গণ কাজ করে যাচ্ছেন। বিপদের সময় সাহস না হারিয়ে ধৈর্য ধরে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে। একই সাথে তা মোকাবেলা করে সামনের দিকে নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে।
শুক্রবার দুপুরে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ভাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক প্রদান ও টিন বিতরণের সময় এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, দেশে সম্প্রতি যে ভয়াবহ বন্যা অতিবাহিত হচ্ছে তা মোকাবেলা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সরকারের সফলতার পরিচয় দিয়েছেন। বানভাসী একটি মানুষও খাবারের অভাবে মারা যায়নি। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকার কাজ করে যাচ্ছে।
দুপুরে এমপি নিক্সন চৌধুরী তার দলীয় নেতাকর্মী ও উপজেলা প্রশাসন কর্মকর্তাদের সাথে নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাজারের ঘটনাস্থল যান। এসময় আগুনে ক্ষতিগ্রস্ত ২৮ ব্যবসায়ীসহ শতশত লোক তাদের প্রিয় এমপিকে পাশে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এমপি ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ীদের হাতে তাদের পুর্নবাসনের জন্য ২৮টি দোকানের মালিক ও ব্যবসায়ীদের প্রত্যেককে ৬ হাজার টাকার চেক ও ২ বান্ডিল ঢেউটিন প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, আওয়ামী লীগ নেতা মাকসুদুর রহমান গোলাম মাওলা, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সি প্রমুখ।
উল্লেখ্য, ১৮ই জুলাই মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার মানিকদাহ ইউনিয়নের পুখুরিয়া বাজারে আগুনে ২৮ দোকানঘর ভস্মিভূত হয়।
ইত্তেফাক/এমআই