ভাঙাচোরা রাস্তায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়কে। এতে ওই অঞ্চলের যাত্রীদের পদে পদে ভোগান্তি হচ্ছে।
টাঙ্গাইল থেকে ঢাকায় যেতে দেড় ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগছে ১০-১৫ ঘণ্টা। গত কয়েক দিন ধরে টানা বৃষ্টির কারণে মহাসড়কের অধিকাংশ স্থান থেকে পিচ ঢালাই উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এক দিকে বৃষ্টি অপর দিকে ভাঙাচোরা রাস্তায় তীব্র যানজটের কারণে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
শুক্রবার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা দেখা গেছে, ভাঙাচোরা রাস্তায় যানবাহন আটকেপড়ে যানজট সৃষ্টি হয়েছে।মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার মহাসড়ক এখন খানা-খন্দকে ভরা।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী নাজমুল আলম বলেন, টানা বৃষ্টি থাকার কারণে ভাঙাচোরা রাস্তা মেরামত করতে একটু বিলম্ব হয়েছিল। এখন আবহাওয়া ভাল হওয়ায় মেরামতের কাজ পুরোদমে শুরু হয়েছে।
ইত্তেফাক/জামান