গোপালগঞ্জে ৩৭ জন ভিক্ষুককে ব্যবসাসহ বিভিন্ন কাজে পুনর্বাসিত করেছে সদর উপজেলা প্রশাসন। আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা হল রুমে ৯ জনকে মুদি দোকান, ২ জনকে চায়ের দোকান, ২২ জনকে হাঁস, মুরগী পালন, ১ জনকে পিঠার দোকান, ১ জনকে বুকস্টল ও ২ জনকে ভ্রাম্যমাণ দোকান বিতরণ করা হয়। এতে সরকারের ৮ লাখ টাকা ব্যয় হয়েছে।
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোছা. শাম্মী আক্তার এ সব পণ্য উপকারভোগীদের হাতে তুলে দেন।
এর আগে হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভীন, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান শ্রীবাস বিশ্বাস, গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান শরীফ আমিনুল হক লাচ্চুসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
ইত্তেফাক/এমআই