মির্জাপুরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

 
কলা গাছের ভেলা নিয়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নে এ ঘটনাটি ঘটেছে।
 
নিহতরা হচ্ছে- বহুরিয়া গ্রামের শওকত আলীর মেয়ে ঝুমা আক্তার (১১) ও ছেলে শুভ (৭)।
 
বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সামাদ বলেন, বিকেলে ভাই-বোন মিলে বাড়ির পাশে কলা গাছের ভেলা নিয়ে শাপলা তুলতে যায়। শাপলা তুলতে গিয়ে প্রথমে শুভ পানিতে ডুবে যায়। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে ঝুঁমাও পানিতে তলিয়ে যায়।
 
আব্দুস সামাদ আরও জানান, ঘটনার এক দেড় ঘণ্টা পর তাদের না পেয়ে বাড়ির লোকজন পাশের ক্ষেতে তাদের খুঁজতে গিয়ে ভেলার পাশে লাশ ভাসতে দেখে উদ্ধার করে।
 
ইত্তেফাক/জামান