টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের তাৎক্ষণিক ধরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছেন টাঙ্গাইল-৭ আসনের সাংসদ আলহাজ্ব একাব্বর হোসেন।
শনিবার উপজেলার বংশাই নদীর নিচিন্তপুর এলাকায় ট্রলারযোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করতে যাওয়ার সময় অবৈধ বালু উত্তোলনকারীদের ধাওয়া করেন সাংসদ। এ ঘটনায় কয়েকজন পালিয়ে গেলেও চার জনকে ধরে ফেলেন ওই সাংসদ ও তার সহকর্মীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আকতারজ্জামান। প্রতিবছর বর্ষার শুরু থেকে উপজেলার বংশাই নদীর গোড়াইল, চাকলেশ্বর, নিচিন্তপুর, থলপাড়া, ফতেপুর এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে কোটি কোটি টাকার বালু উত্তোলন করা হয়। এতে শত-শত ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি ও ধর্মীয় উপাসনালয় নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
এ ব্যাপারে সাংসদ একাব্বর হোসেন বলেন, এলাকার জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য বংশাই নদীতে অবৈধভাবে কাউকে বালি উত্তোলন করতে দেওয়া হবে না। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা ইয়াসমিন বলেন, অবৈধ বালু উত্তোলনের সময় চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ইত্তেফাক/জামান