ময়মনসিংহের ফুলপুর উপজেলায় গাঁজা চুরির অভিযোগে গাঁজা বিক্রেতার হামলায় পিতা-পুত্র আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সোয়া তিনটার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের সাঝিরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, পিতা আব্দুল খালেক(৫০) ও পুত্র ছায়েদুল ইসলাম(৩৫)। তাদের মধ্যে আব্দুল খালেককে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা অভিযোগ করেন, ওই গ্রামের তালেব আলীর দুই ছেলে ইব্রাহিম ও ইসমাইল দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজার ব্যবসা ও সেবন করে আসছে। গাঁজা সেবনের আসরের জন্য তারা দুইটি বাংলো বানিয়েছে।
শনিবার তাদের ঘরে রেখে দেওয়া আধা কেজির গাঁজার প্যাকেট হারিয়ে যায়। তারা বাড়ির পাশের খালেক ও তার ছেলের ওপর গাঁজা চুরি অভিযোগ করে অতর্কিতে হামলা চালায়। এ ঘটনায় পিতা-পুত্র আহত হয়।
ঘটনার পর আহতরা চিকিৎসার জন্য হাসপাতালে আসেন এবং থানা পুলিশকে জানান।
ফুলপুর থানার ওসি আলী আহাম্মেদ মোল্লা ইত্তেফাককে জানান, মিটিংয়ের কাজে বাহিরে থাকায় ঘটনাটি তিনি এখনো শুনেননি।
তবে আহতরা গাঁজায় আসক্ত কি না তা জানা যায়নি। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্য তৈরি করেছে। উপজেলায় এ ধরনের ঘটনা এটিই প্রথম।
ইত্তেফাক/নূহু