মৌলভীবাজারে ফের নিম্নাঞ্চল প্লাবিত

 
গেল কয়েক দিনের টানা বর্ষা আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পর ফের চতুর্থ দফা বন্যা দেখা দিয়েছে মৌলভীবাজারে। জেলার হাকালুকি ও কাউয়াদীঘি হাওর তীরবর্তী জুড়ী, রাজনগর ও সদর উপজেলার প্রায় ১২টি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে।
 
চৈত্র মাস থেকে শুরু হওয়া কয়েকদফা বন্যায় প্রায় ৬ মাস ধরে জলাবদ্ধতায় রূপ নিয়েছিলো। কিন্তু গত তিন-চার দিনের টানা বৃষ্টি আর উজান থেকে আসা পাহাড়ি ঢলে আবারও এই দুটি উপজেলার মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন।
 
IMG0
 
রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকুল দাশ জানান, কয়েকদিনের বৃষ্টিতে নতুন করে প্লাবিত হয়েছে অর্ধশত গ্রাম। এর মধ্যে রাজনগর উপজেলার ইসলাম পুর, অন্তহরি, সোনাপুর, বেতাগঞ্জ, বিলবাড়ি, শাহবাজপুর ও  গোবিন্দ পুরের মানুষ বেশি আক্রান্ত হয়েছেন। এ সব গ্রামের নিচু জায়গায় আগে থেকেই পানি থাকলে গত তিনদিনের টানা বৃষ্টিতে ও পাহাড়ি ছড়ার পানি আসায় কাউয়াদীঘি হাওরের পানি দেড় থেকে দুই ফুট বৃদ্ধি পায়।
 
এ ব্যাপারে মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম জানান, দফায় দফায়ই এ জেলায় বন্যা দেখা দিচ্ছে। তবে সরকারের পক্ষ থেকেও বন্যার্তদের সহায়তা অব্যাহত আছে। কয়েকদফা ত্রাণ দেয়া হয়েছে বর্তমানে ২৪ মেট্রিকটন চাল ও নগদ ১৪ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। শিগগিরই স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তা বিতরণ করা হবে।
 
ইত্তেফাক/জামান