'সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে'

 
তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, আপনারা ধৈর্য হারা হবেন না। মহান আল্লাহর সহায় শেখ হাসিনা সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমিও সুখে-দুঃখে আপনাদের পাশে আছি, আমৃত্যু পাশে থাকবো।
 
তিনি আরো বলেন, বন্যায় বিপর্যস্ত জনপদ, আমার সিংড়ার এক লাখ জনগণ ক্ষতিগ্রস্ত। এ বিপদ কাটিয়ে উঠতে সকল জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, সাংবাদিকরা কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এবারের ঈদ বন্যার্তদের মাঝে বিলিয়ে দিবো। রবিবার সকালে সিংড়া পৌরসভার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণপুর্বক তিনি এসব বলেন।
 
এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড, ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাও, রুহুল আমিন উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী কলম ও সিংড়া পৌরসভার ১৬০০ বন্যার্তদের মাঝে চাল বিতরণ করেন। এর আগে বন্যা ও দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা সংক্রান্ত জরুরি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নসহ সার্বিক খোঁজ খবর নেন।
 
ইত্তেফাক/জামান