গাজীপুরে ২৩ জুয়াড়িকে কারাদণ্ডাদেশ

 
গাজীপুরে শ্রীপুরে সিএনবি এলাকায় রবিবার রাতে অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়াড় নগদ টাকা, ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের হাতে গ্রেফতার ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অপরদিকে একই সময়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে আটক ২৩ জুয়াড়ির এক মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। 
 
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মমিনুল ইসলাম জানান, মাদক, জুয়া ও অশ্লীলতার বিরুদ্ধে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদের নির্দেশে বিশেষ অভিযান চলছে। এ অভিযানের অংশ হিসাবে গত রবিবার রাতে জেলার শ্রীপুর থানা পুলিশ সিএনবি এলাকাসহ গভীর জঙ্গলে অভিযান চালিয়ে ১২ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের হয়েছে। আজ সোমবার তাদের গাজীপুর আদালতে প্রেরণ করা হবে। 
  
অপরদিকে, রবিবার রাতে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ কবিরের নির্দেশে জুয়ার আসরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ২৫ জনের মধ্যে ২৩ জনকে জুয়া খেলা ও অন্যান্য অনৈতিক কাজের অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। এছাড়া ৯টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে জুয়ার আরের প্যান্ডেল ভেঙ্গে গুড়িয়ে তাতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। বাকি দুজন নির্দোষ হওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলামের উপস্থিতিতে গাজীপুরের নেজারত ডেপুটি কালেক্টর বি. এম কুদরত এ খুদা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মিয়া উক্ত সাজা প্রদান করেন।
 
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিশাল প্যান্ডেল বানিয়ে অসামাজিক কার্যকলাপ, অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলছিল। একারণে মাদক, জুয়া, হাউজি ও অনৈতিক কর্মকান্ডে সর্বস্ব হারিয়ে যুব সমাজ হচ্ছে বিপথগামী। স্কুল-কলেজগামী কিশোর ও যুব সমাজসহ সমাজের একটি বড় অংশ জড়িয়ে পড়ছে নানা অপরাধে। 
 
ইত্তেফাক/কেকে