শ্রীপুরে ৮ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

মাগুরার শ্রীপুরে ৮ কেজি গাঁজাসহ শাহাজান শেখ (২৮) নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব্যক্তি জামালপুর জেলার দেয়ানগঞ্জ উপজেলার সান্দবাড়ী গ্রামের মাদু শেখের পুত্র। 
 
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল ইসলাম জানান, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, উপজেলার রাধানগর বাজারে এক বহিরাগত গাঁজা ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজাসহ অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় নাকোল ক্যাম্পের ইনচার্জ এসআই মোসলেম আলীর নেতৃত্বে এএসআই নাজিম ও সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাজারের ইউসুফ মার্কেটের সামনে অভিযান চালায়। এ সময় কলেজ ব্যাগ ভর্তি ৮ কেজি গাঁজাসহ শাহাজানকে আটক করতে সক্ষম হয়। 
 
আটককৃত ব্যক্তি পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন ধরে এ ব্যবসার সাথে জড়িত। জামালপুর থেকে সে গাঁজা কিনে বিক্রির উদ্দেশ্যে শ্রীপুর উপজেলার সব্দালপুর বাজারে নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে শ্রীপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই