ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুরে নির্মাণাধীন একটি পেট্রোল পাম্পের ছাদ ধসে ১০ জন আহত হয়েছেন।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনের নিচে এখনো আটকা পড়েছে অন্তত সাতজন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে।
আহতরা হলেন আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের নির্মাণ শ্রমিক শিপন মিয়া (২৮), রিপন মিয়া (৩০) ও হানিফ মিয়া (৩৫)।
প্রত্যাক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বে আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুরে জেলা সার সমিতির সভাপতি জালাল উদ্দিনের নির্মাণাধীন সায়েরা ফিলিং স্টেশনের ভবন নির্মাণের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় ভবনের ছাদের বিভিন্ন অংশ দুমড় মুচড়ে শ্রমিকদের উপর পড়ে। পরে এলাকাবাসী ভবনের বিভিন্ন অংশের ভিতর থেকে তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। ইতিমধ্যে আটকে পড়াদের উদ্ধার করতে ক্রেনসহ ভারি যান আনা হয়েছে। উপজেলা নির্বার্হী কর্মকর্তা আমিরুল কায়ছার ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করছেন।
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির জানান, দুর্ঘটনার পর থেকে উদ্ধার কাজ চলছে। তবে কতজন লোক ভবনের নিচে আটকা আছে তা এখনো জানা যায়নি।
ইত্তেফাক/ইউবি