সোনারগাঁওয়ে পর্ণোগ্রাফি পাইরেসি চক্রের ৫ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর এলাকায় কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে পাইরেসি ও পর্ণোগ্রাফি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। ওই সময়ে উদ্ধার করা হয়েছে পর্ণোগ্রাফি ও পাইরেসির কাজে ব্যবহৃত ৭ টি মনিটর ও ৭টি সিপিইউ।
 
রোববার রাতে কাঁচপুরের সোনাপুর মতিন খাঁন প্লট মার্কেট ও দেলোয়ার সুপার মার্কেটের বিভিন্ন কম্পিউটারের দোকানে চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে গতকাল সোমবার সন্ধ্যায় গ্রেফতারকৃতদের সোনারগাঁ থানায় হস্তান্তর করেছে। গ্রেফতারকৃতরা হলো মোঃ রতন মিয়া, মোঃ শামীম, ফাহাদ, শাহ আলম ও ইউসুফ আলী। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মোঃ মাসুদ রানা নামের একজন পালিয়ে যায়।
 
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি জসিম উদ্দীন চৌধুরী প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অভিযানে র‌্যাব-১১ মেজর আশিক বিল্লাহের নেতৃত্বে অশ্লীলতা ও পাইরেসি বিরোধী টাস্ক ফোর্সের প্রধান সমন্বয়কারী শহিদুল ইসলাম টিটুসহ র‌্যাব সদস্যরা  অভিযান পরিচালনা করেন।
 
র‌্যাব আরো জানায়, আসামীরা দীর্ঘদিন ধরে তাদের নিজেদের কাছে কম্পিউটারের সিপিইউতে পর্ণোছবি (নীল ছবি), বিভিন্ন শিল্পীদের অশ্লীল গান, সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবির কপিরাইট করে রেখে অবৈধভাবে ব্যবসা করে আসছিল। উঠতি বয়সী তরুন তরুণীসহ বিভিন্ন ক্রেতাদের নিকট তাদের কম্পিউটারে সংরক্ষিত অশ্লীল অডিও, ভিডিও গান, নীল ছবি ডাউন লোড, চলচ্চিত্রের বিভিন্ন সদ্য মুক্তিপ্রাপ্ত ছায়াছবি কপিরাইট করে সিডি, পেনড্রাইভ, কার্ড রিডারের মাধ্যমে মেমোরীতে ডাউন লোড করে ব্যবসার মাধ্যমে যুব সমাজকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছিল।
 
ইত্তেফাক/রেজা