সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ আভিযানে বিএনপি-জামায়াতের চারজন নেতা-কর্মীসহ ৭৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন, কালিগঞ্জ উপজেলার শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ এবং পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের জামায়াতের রোকন আজিজুল ইসলাম ও বোরহান উদ্দীন।
রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ৫০, কলারোয়া থানায় সাত, তালায় তিন, কালিগঞ্জে চার, শ্যামনগরে দুই, আশাশুনিতে তিন, দেবহাটায় তিন ও পাটকেলঘাটা থানা থেকে তিনজনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/এএম।