নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে ত্রাণ ও আর্থিক সম্মাননা দিল ‘সবার তরে’

 
ঢাকার সামাজিক সংগঠন ‘সবার তরে’ এর পক্ষ থেকে সোমবার বিকেলে সিরাজগঞ্জে নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে ত্রাণ, ঈদ শুভেচ্ছা এবং আর্থিক সম্মাননা প্রদান করা হয়েছে। এতে ২৩জন নারী মুক্তিযোদ্ধার প্রত্যেককে নগদ টাকা, চাল, ডাল শাড়ি কাপড়সহ অন্যান্য সামগ্রী দেয়া হয়। সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম অফিসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌর প্যানেল মেয়র-১ ও প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী সফিকুল ইসলাম সফি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এছাড়া ‘সবার তরে’ এর পক্ষে সংগঠনের প্রধান সমন্বয়ক সরদার আমিরুল ইসলাম, মো. মহিউদ্দিন তোহা, তামজিদ যোবায়ের, রাশিব আহম্মেদ রুবেল হোসেন, রুবেল আহম্মেদ রাজ, রায়হান উপস্থিত ছিলেন।
 
‘সবার তরে’ এর সমন্বয়ক সরদার আমিরুল ইসলাম বলেন, অনেক মুক্তিযোদ্ধা বিশেষ করে নারী মুক্তিযোদ্ধারা এখনও দুর্দশাগ্রস্ত জীবনযাপন করছে। ‘সবার তরে’ এর পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের জন্য সহায়তা অব্যাহত থাকবে বলে এ সময় তিনি মন্তব্য করেন।
 
ইত্তেফাক/এএম।