দুই লিটার কোকাকোলার জন্য বন্ধুর সঙ্গে বাজি ধরে নদীতে সাঁতার দিতে গিয়ে পরিচ্ছন্ন কর্মী রাজা বাশফৈর(২৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা অনেক খুঁজেও তাকে উদ্ধার করতে পারেনি। আজ সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতাল গেইট সংলগ্ন লৌহজং নদীতে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও নিখোঁজ রানা বাশফৈরের বন্ধুরা জানায়, আজ সোমবার সন্ধ্যায় সে তার বন্ধু আকাশের সঙ্গে দুই লিটার কোকাকোলার জন্য বাজি ধরে। আকাশ সাতরিয়ে পারে উঠতে পারলেও রানা মাঝ নদীতে তলিয়ে যায়। আশপাশের লোকজন ঘটনাটি দেখে তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের খবর দিলে তারা রানাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। রানা মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পরিচ্ছন্ন কর্মী বলে কুমুদিনী হাসপাতালের সহকারী প্রশাসক সৈয়দ হায়দার আলী জানিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে রানাকে উদ্ধারের চেষ্টা করেছে। কিন্ত নদীতে প্রবল স্রোত থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ডুবুরী দলকে খবর দেওয়া হয়েছে। রাতে এ রিপোর্ট পাঠানো পর্যন্ত লাশ উদ্ধার হয়নি।
ইত্তেফাক/নূহু