ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া হাড়িপুকুর এলাকায় পাট বোঝায় ট্রাক উল্টে ১ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৪জন।
রবিবার রাত ৯টায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।
নিহত শ্রমিক প্রাণ কৃষ্ণ (৩০) গড়েয়া ইউনিয়নের লস্করা এলাকার টানু রাম বর্মনের ছেলে। বাকি হতাহতদের পরিচয় তাৎক্ষনিক ভাবে পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদর উপজেলা গড়েয়া বাজার থেকে একটি পাট বোঝাই ট্রাক ওই এলাকার হাড়িপুকুর স্থানে পৌছে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকটি উল্টে ৬জন শ্রমিক চাপা পড়ে। ঘটনাস্থলেই প্রাণ কৃষ্ণ নামে এক শ্রমিক মারা যায়। ট্রাকের নিচে চাপা পড়ে আহত হয় আরো ৪ জন।
স্থানীয় লোকজন ট্রাকে চাপা পড়া প্রাণ কৃষ্ণকে মৃত অবস্থায় উদ্ধার করে। অন্য শ্রমিকদের উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ১ শ্রমিকের মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস অন্যান্য চাপা পড়া শ্রমিকদের উদ্ধার কাজ পরিচালনা করছেন।
ইত্তেফাক/নূহু