নলছিটিতে নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি

নলছিটির সারদল, খোজাখালী, সরই, বারইকরণ, ভবানীপুর, তিমিরকাঠি, জুরকাঠি, শেখেরকাঠি, হদুয়া, বহরমপুর, উত্তমাবাদ এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। এতে গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা, বাড়ি-ঘর, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি-শেখেরকাঠি গ্রামে ভয়াবহ নদী ভাঙনে শতাধিক পরিবার, স্কুল, মসজিদ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।

গৃহহীন পরিবারগুলো মানবেতর জীবন-যাপন করছে। নদী ভাঙনকবলিত পরিবারগুলো ঠাঁই নিয়েছে বিভিন্ন শহর এলাকায়। তারা সহায়-সম্বল হারিয়ে রিকশা-ভ্যান, অন্যের বাড়িতে ঝিয়ের কাজ, রাজমিস্ত্রীর ও মাছ ধরার কাজসহ বিভিন্ন পেশায় নিয়োজিত হয়েছে। একবছর আগে নদী ভাঙনে গৃহহীন পরিবারগুলোর জন্য জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের নিদের্শনা দিয়েছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। উপজেলা প্রশাসন গত চার/পাঁচ বছরেও উপজেলা খাস জমি বন্দোবস্ত কমিটির সভা আহবান করে গৃহহীন পরিবারের জমি বা গৃহের ব্যবস্থা করতে পারেনি। তাই গৃহহীন পরিবারের বিষয়টির সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হচ্ছে না। গৃহহীন পুনর্বাসন করার ক্ষেত্রে রাজনৈতিক উদ্যোগ সবচেয়ে বেশি জরুরি বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাকসুদা বেগম মনে করেন। সুবিধা বঞ্চিত হতদরিদ্র গৃহহীন পরিবারগুলোর দাবি— দ্রুত তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যদিকে সুগন্ধা, বিষখালী ও খয়রাবাদ নদীর ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

ইত্তেফাক/নূহু