অপহরণের পর এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।অপহরণের দুই দিন পর সোমবার বনাঞ্চলের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মুল পরিকল্পনাকারীসহ চার ঘাতককে গ্রেফতার করা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাট ফতেপুর গ্রামে এ অপহরণ ও হত্যার ঘটনাটি ঘটেছে।
গ্রেফতারকৃতরা হলেন- হত্যার মুল পরিকল্পনাকারী ও হাট ফতেপুর গ্রামের আলী হোসেনের ছেলে আরাফাত(২৫), কালিয়াকৈর উপজেলার বড়ইতলী গ্রামের এমরান আলীর ছেলে রানা (২২), একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে টুটুল মিয়া(২৩) এবং নুরুল ইসলাম(২৪)।
মির্জাপুর থানার পুলিশ কর্মকর্তা ও মামলার তদন্তকারী কর্মকর্তা নুর মোহাম্মদ আজ মঙ্গলবার জানান, মির্জাপুর উপজেলার হাট ফতেপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে রানা (২২) ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। রবিবার রানা অপহরণ হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, রানাকে অপহরণের পর তার মোটরসাইকেল নিয়ে অন্যত্র বিক্রি করে চার ঘাতক মিলে রানাকে হত্যা করেছে। থানায় অভিযোগের পর তদন্ত করে লাশ উদ্ধার এবং চার ঘাতককে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/কেকে