নেত্রকোনা হত্যা মামলায় ১ জনের ফাঁসির আদেশ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুর্গাপুর গ্রামের সম্রাজ হত্যা মামলার রায়ে কেন্দুয়া উপজেলার দুর্গাপুর গ্রামের দেলোয়ার ওরফে দিলু নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছে নেত্রকোনা জেলা ও দায়রা জজ। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান রাজা এই রায় দেন। 
 
মামলার বিবরণে জানা যায়, জেলার কেন্দুয়া উপজেলার দুর্গাপুর গ্রামের সম্রাজ মিয়ার স্ত্রী জাহানারার সাথে আসামি দেলোয়ারের অবৈধ প্রেম ছিল। সম্রাজ বারবার বাধা দিলেও দেলোয়ার তার পরকিয়া প্রেম চালিয়ে যেতে থাকে। বারবার বাধা পেয়ে ক্ষিপ্ত হয়ে দেলোয়ার ২০০৩ সালের ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে একটি সড়কে ধারালো অস্ত্র দিয়ে সম্রাজকে নৃশংসভাবে খুন করে।
 
ঘটনার পর ৩০ সেপ্টেম্বর নিহতের মা জুলেখা আক্তার বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তদন্তপূর্বক আসামির বিরুদ্ধে চার্জশীট দেয়। পরে আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আজ এই রায় দেয়। সরকার পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাইফুল আলম প্রদীপ এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবুল হাসেম। 
 
ইত্তেফাক/এমআই