আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চায় কেন্দ্রীয় যুবলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম। তিনি তালা উপজেলার জাতপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত সাহাজুদ্দীন মোড়লের কনিষ্ঠ পুত্র।
রফিকুল ইসলাম এর আগে খুলনা বিএল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তালা উপজেলা যুবলীগের সভাপতি, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বর্তমান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচন নিয়ে মোঃ রফিকুল ইসলাম বলেন, জননেত্রী শেখ হাসিনা যদি সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে আমাকে দলীয় মনোনয়ন দেন তবে নিজের বিজয় সুনিশ্চিত করতে পারবো। বাংলাদেশ আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নির্বাচনী এলাকায় আমার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করবেন।
জানা গেছে নির্বাচন করার প্রস্তুতি হিসেবে রফিকুল ইসলাম তালা কলারোয়ার সব ধরনের রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যেমন মিশছেন, তেমনি সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়েও লোকজনের সঙ্গে কথা বলছেন, সমস্যার কথা শুনছেন। এলাকার মানুষের আপদ-বিপদে সাড়া দিচ্ছেন। বিভিন্ন ধরনের প্রতিশ্রুতিও দিচ্ছেন।
ইত্তেফাক/ইএইচএম