জামালপুরে ছেলের লাঠিপেটায় মায়ের মৃত্যু

 
জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের রণরামপুর গ্রামে মাকে লাঠিপেটা করে হত্যার অভিযোগ ওঠেছে ছেলের বিরুদ্ধে। সোমবার দিবাগত রাত ১০টায় এই ঘটনা ঘটে।
 
পুলিশ ওই রাতেই নিহত মা হাজেরা বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ নিহত হাজেরা বেগমের ছেলে মনির উদ্দিন(২৬)কে গ্রেফতার করেছে। মাকে হত্যার ঘটনায় মঙ্গলবার সকালে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
 
গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রণরামপুর গ্রামের জালেক আলীর ছেলে রাজমিস্ত্রি মনির উদ্দিন কাজ শেষে রাত নয়টার দিকে বাড়ি ফিরে তার মা হাজেরা বেগমের (৪৫) কাছে ভাত খেতে চান। ভাত দিতে দেরি হওয়ায় রাগ করে সে তার মা হাজেরা বেগমের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
এ ঘটনা জানাজানি হলে উৎসুক প্রতিবেশীরা তাদের বাড়িতে ভিড় করেন এবং মনির উদ্দিনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে জামালপুর সদর থানার একদল পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। পুলিশ ঘাতক ছেলে মনির উদ্দিনকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহত হাজেরা বেগমের ভাই সিদ্দিক হোসেন বাদী হয়ে মনির উদ্দিনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামি মনির উদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
 
এব্যাপারে জামালপুর সদর থানার ওসি নাসিমুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে ঘাতক মনির উদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান