ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিক মারপিট মামলায় গ্রেফতার ১

 
ঠাকুরগাঁওয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঠাকুরগাঁও প্রতিনিধি শাকিল আহমেদসহ দুই সাংবাদিককে পিটিয়ে জখম করা মামলায় মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. ইমরান (২৭) নেকমরদের ভবানন্দপুর গ্রামের সইদুলের ছেলে।
 
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, সোমবার বিকেল ৫টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঠাকুরগাঁও প্রতিনিধি শাকিল আহমেদ বাদী হয়ে ইমরান (২৭) এর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করা হয়।
 
ওসি মান্নান বলেন, গত রবিবার বিকেল ৩টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঠাকুরগাঁও প্রতিনিধি শাকিল আহমেদ সংবাদ সংগ্রহের জন্য স্থানীয় সাপ্তাহিক উত্তর কথা পত্রিকার স্টাফ রিপোর্টার জুনাইদ কবীরকে নিয়ে হরিপুর উপজেলায় যাচ্ছিলেন। পথে জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় থ্রি হুইলারের (পাগলু নামে পরিচিত) কর্মচারী ইমরান ওই দুই সাংবাদিককে আটক করে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করলে ইমরান সহ তার লোকজন ওই দুই সাংবাদিককে ধাওয়া দেয়। এরপর নেকমরদের দূর্লভপুর গ্রামে শাকিল ও জুনাইদ আশ্রয় নেয়। পরে সেখানে গিয়ে ইমরান ও তার লোকজন রড, লাঠিসোটা দিয়ে দুই সাংবাদিককে বেধড়ক মারপিট করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই দুই সাংবাদিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি মান্নান।
 
ইত্তেফাক/জামান