আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ইএমভি প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ

 
ডিজিটাল লেনদেনকে নিরাপদ করতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ইএমভি (ইউরোপে, মাস্টারকার্ড ও ভিসা) প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন ব্যাংকার ও প্রযুক্তিবিদরা। ইএমভি হলো ইউরোপে, মাস্টারকার্ড ও ভিসার সমন্বিত রূপ যা আর্থিক লেনদেনের আন্তর্জাতিক মান হিসেবে স্বীকৃত।
 
রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসিস সফট এক্সপোর শেষ দিনে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম প্রতিষ্ঠান কনা সফটওয়্যার ল্যাব লিমিটেডের আয়োজনে ‘সিকিউরিটি অ্যান্ড ইন্টারঅপারেবিলিটি ইন ডিজিটাল ফিনান্সিয়াল ইনক্লুসন’ শীর্ষক সেমিনারে প্রকৌশলী ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা অর্থনৈতিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন।
 
সেমিনারের শুরুতে ইএমভি প্রযুক্তির ওপর মৌলিক ধারণা প্রদান করেন কনা সফটওয়্যার ল্যাব লিমিটেডের বিপণন বিভাগের প্রধান মাহবুব বিন রহিম। তিনি আর্থিক লেনদেনে চিপভিত্তিক সেবা প্রণয়নের আন্তর্জাতিক মান ও বাংলাদেশের পরিস্থিতির তুলনা করেন। ইএমভি প্রযুক্তির প্রকৌশলগত দিক তুলে ধরেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ প্রকৌশলী আবদুল্লাহ আল শামীম। বাংলাদেশের প্রযুক্তিগত (ডিজিটাল) আর্থিক সেবার বর্তমান চিত্র তুলে ধরেন কনা সফটওয়্যারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ আহমেদ চৌধুরী। সেমিনারে দেশের বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন।
 
ইত্তেফাক/আরকেজি