চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। গতকাল রবিবার সন্ধ্যার দিকে তিনি মারা যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন মৃত এই ব্যক্তির নিকট থেকে আইএফসিআই ব্যাংকের একটি এটিএম কার্ড, একটি মানিব্যাগ, একটি চশমা ও ২টি সিমকার্ড পাওয়া গেছে। এটিএম কার্ডে 'ফজলুল হক' লেখা আছে। তবে, কোন ঠিকানা না থাকায় মৃত এই ব্যক্তির নাম যে ফজলুল হক তা নিশ্চিত করে বুঝা যাচ্ছে না।
জানা যায়, গতকাল চুয়াডাঙ্গা রেল স্টেশনের জিআরপির এক সদস্য গুরুতর অসুস্থাবস্থায় অজ্ঞাত ওই লোকটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তিনি মারা যান। আজ সোমবার অজ্ঞাত এই মৃতের ময়না তদন্ত হতে পারে বলে জানা গেছে।
ইত্তেফাক/এসএস