টাঙ্গাইলের ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের স্থলকাশি এলাকায় বালুর ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরো দুইজন। আজ সোমবার বেলা ১১টার দিকে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতের নাম- জীবন মণ্ডল (১৫)। সে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের সঞ্জাব আলীর ছেলে। আহতরা হলেন, একই উপজেলার কুকাদাইর গ্রামের মৃত হবিবর রহমান মণ্ডলের ছেলে রাহুল মণ্ডল (১৫) ও রাউৎবাড়ি গ্রামের হাসেন আলীর ছেলে রাসেল (১৫)।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা অফিসার ইনচার্জ আছাবুর রহমান জানান, ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের স্থলকাশি এলাকায় ভূঞাপুরগামী একটি বালুর ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী জীবন মণ্ডল নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরো দুই বন্ধু। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় রাখা হয়েছে।
ইত্তেফাক/এসএস