গোপালগঞ্জে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী অর্পিতা বৈরাগী (১৫) আত্মহত্যা করেছে। রবিবার মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রাম চর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, কলিগ্রাম চর গ্রামের সমির বৈরাগীর মেয়ে জলিরপাড় জে কে এম বি মল্লিক উচ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী অর্পিতা বৈরাগীর সঙ্গে প্রতিবেশী নরেশ ভক্তের ছেলে কলগ্রিাম বঙ্গরত্ন মহাবিদ্যালয়ের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র উজ্জ্বল ভক্তের মধ্যে গত ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। তাদের প্রেম কাহিনী গ্রামের সবাই জেনে যায়। সম্প্রতি এটি দৈহিক সম্পর্কে রূপ নেয়। প্রেমিকা অর্পিতা বৈরাগী বিয়ের জন্য প্রেমিক উজ্জ্বলের ওপর চাপ প্রয়োগ করে। প্রেমিক উজ্জ্বল ও তার পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখান করে। বিয়ের প্রস্তার প্রত্যাখান করায় লোক লজ্জার ভয়ে রাগে ক্ষোভে অর্পিতা বৈরাগী সবার অজান্তে নিজেদের ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
প্রেমিক উজ্জ্বলের মা সবিতা ভক্ত অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা অর্পিতাকে বউ হিসেবে মেনে নিয়ে আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু মেয়ের পরিবার এ প্রস্তাব মেনে নেয়নি। এ কারণেই অর্পিতা আত্মহত্যা করেছে। এখন অর্পিতার পরিবার এ ঘটনার দায় আমাদের ওপর চাপাচ্ছে।
মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই মহিদুল ইসলাম স্কুল ছাত্রীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আমরা লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। শুনেছি বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় ওই ছাত্রী আত্মহত্যা করেছে। এ ব্যপারে এখানো আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
ইত্তেফাক/কেকে