নগরীর বাজার রোড এলাকায় দুই গৃহকর্মীকে দেড় বছর ধরে নির্যাতনের ঘটনায় গৃহকর্তা ও তার স্ত্রীকে সোমবার সন্ধ্যায় আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন- বাজার রোডের এএন্ডজে এন্টারপ্রাইজের প্রোপাইটর জুয়েল আহম্মেদ ও তার স্ত্রী ইসরাত জাহান দিনা।
পুলিশ জানায়, গৃহকর্তা ও তার স্ত্রীর নির্যাতনের শিকার আসফিয়া নামের মেয়েটি সকালে তাদের বাসা থেকে পালিয়ে গিয়ে এয়ারপোর্ট থানাধীন বাঘিয়া এলাকায় অপরিচিত লোকজনের কাছে আশ্রয় নেয়। এলাকার লোকজন বিষয়টি পুলিশকে জানালে গৃহকর্মী আসফিয়াকে সাথে নিয়ে ঐ বাসায় অভিযান চালায়। এসময় অপর গৃহকর্মী আয়শাকেও ঐ বাসা থেকে উদ্ধার করা হয়। এসময় ওই বাসার গৃহকর্তা জুয়েল ও তার স্ত্রী দিনাকে আটক করে পুলিশ।
ঘটনাস্থলে উপস্থিত থাকা বিএমপি কমিশনার এসএম রুহুল আমিন জানান, দুই গৃহকর্মীকে এই বাসায় শিকল দিয়ে বেঁধে রাখা হত। এদের দুইজনকেই জোড় করে আটকে যে নির্যাতন করা হয়েছে তার প্রমাণ মিলেছে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে। গৃহকর্তী ইসরাত জাহান দিনার সাথে কথা বলেছি আমরা। তিনি উচ্চ শিক্ষিত একজন নারী। এমন শিক্ষিত লোকজনদের দ্বারা এমন আচরণ আসলেই খুব দুঃখজনক। নির্যাতনের শিকার আসফিয়া জানায়, দেড়বছর ধরে তাকে আটকে রাখা হয়েছিল এই বাসায়। ঠিকমত খাবার দিলেও নির্যাতন করা হত প্রচুর। এই নির্যাতন থেকে বাঁচতে সে পালিয়ে এয়ারপোর্ট থানাধীন দক্ষিণ বাঘিয়া এলাকার বাসিন্দা একটি বাসায় গিয়ে পানি পান করে এবং সকল ঘটনা জানায়।
এদিকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং নির্যাতনের শিকার দুই গৃহকর্মীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে আনা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি