মৌলভীবাজারের হাকালুকি হাওরের বড়লেখা উপজেলার গোটাউরা হাওরখাল জলমহালের পাশে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জলমহালটি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় প্রভাবশালী কিছু লোক অবৈধভাবে এর পাশে স্থাপনা তৈরি করে দীর্ঘদিন থেকে মাছ ধরছিল। এ সময় অস্থায়ীভাবে তৈরি টিনশেড ঘর, জাল ও কাঠিসহ মাছ ধরার বিভিন্ন রকমের ফাঁদ জব্দ করা হয়। পরে এগুলো সেখানেই পুড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার সকাল ১১টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন। অন্যদের মধ্যে ছিলেন বড়লেখা মৎস্য অফিসের সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, সম্প্রসারণ প্রতনিধি সামসুল হাসান প্রমুখ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিয়মিত জলমহাল থেকে অবৈধভাবে মাছ ধরার অভিযোগ পাচ্ছিলাম। আজ (সোমবার) ভোরে রওনা দিয়ে বিলে গিয়ে অভিযোগের সত্যতা পাই। অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে এগুলো সেখানেই পুড়িয়ে দিয়েছি। অবৈধ এ কাজে জড়িতদের বিরুদ্ধে সরকারের রাজস্ব ক্ষতির বিষয়টি তুলে ধরে প্রতিবেদন দেওয়া হবে।’
ইত্তেফাক/নূহু