পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামে এক সন্ন্যাসীকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
নিহতের নাম হারাধন ভট্টাচার্য ওরফে হারু ঠাকুর ওরফে হারু সন্ন্যাসী (৭৫)। তিনি জালেশ্বর গ্রামের মৃত পার্বতী নাথ ভট্টাচার্যের ছেলে। চিরকুমার হারু ঠাকুর তার ভাতিজা চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক পিনাক ভট্টাচার্যের বাড়িতেই থাকতেন।
জানা যায়, দুর্বৃত্তরা তাকে হত্যা করার পর পিনাক ভট্টাচার্যের ঘর থেকে নগদ ১১ লাখ টাকা, ৪০ ভরির অধিক স্বর্ণালঙ্কারসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
এলাকাবাসী জানায়, এক পুরুষ ও বোরকা পরিহিত এক নারী পিনাক ভট্টাচার্যের বাড়িতে যায়। এরপর হারু ঠাকুরকে তার শোবার ঘরে হাত-পা বেঁধে গলায় গামছা দিয়ে ফাঁস দেয় এবং কুপিয়ে হত্যা করে। পরে সবকিছু লুটপাট করে নিয়ে যায়। এলাকার নারীরা বিষয়টি টের পেয়ে চেঁচামেচি করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে হারু ঠাকুরকে ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পিনাক ভট্টাচার্য কোন কথা বলতে পারেনি। সে শুধু বলেছে, তার সবকিছু নিয়ে গেছে।
ঘটনার পরপরই সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপম কুমার পাল, চাটমোহর থানার ওসি আহসান হাবীব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ বলেছে, কিস্তারিত পরে জানানো হবে।
ইত্তেফাক/এসএস