কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল আশা বাজারে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতিসহ ২২ জন আহত হয়েছেন।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে চরএলাহী ইউনিয়রে দক্ষিণ গাংচিল আশা বাজারে চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান ও চরএলাহী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকের বিরুদ্ধে গাংচিল ইউপি সদস্য ও চরএলাহী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোজাম্মেল মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে আবদুর রাজ্জাকের সমর্থক ইসমাইল, হেলাল, মাসুদ ও সেলিম হামলা চালায় এবং দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের এক পর্যায়ে মোজাম্মেল বাহিনীর প্রধান মোজাম্মেল মেম্বারসহ উভয় পক্ষের অনন্তপক্ষে ২২ জন আহত হয়।
গুলিবিদ্ধ মোজাম্মেল মেম্বার ও তার ছেলে বাবলু (১৭), মোহাম্মদ আলী (৩৭), মো. বলি (৩৫), মো. হেঞ্জু মিয়া (৩৮), নুর আলমকে (৩০) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে আবদুর রাজ্জাকের সমর্থক খোকন (৩০), দেলোয়ারসহ (৩৫) অন্যদের উপজেলার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
কোম্পানীগঞ্জ থানায় ওসি (তদন্ত) রবিউল হক জানান, ‘আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাউকে পায়নি। থানায় অভিযোগ করলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
ইত্তেফাক/ইউবি