বরিশালে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় মামলা

নগরীর বাজার রোড এলাকায় গৃহকর্মী নির্যাতনের কাজে ব্যবহৃত তিনটি  শিকল ও তিনটি তালা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। অপরদিকে নির্যাতনের অভিযোগে গ্রেফতারকৃত দুজনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। 
 
মঙ্গলবার দুপুরে কোতয়ালি থানার পুলিশ আশফিয়া নির্যাতনের ঘটনায় গ্রেফতারকৃত ব্যবসায়ী জুয়েল আহমেদ ও তার স্ত্রী ইশরাত জাহান দিনাকে আদালতে সোপর্দ করেছে। এরআগে তাদের বাজার রোডস্থ আত্মীয়দের বাড়ি থেকে তিনটি শিকল ও তিনটি তালা উদ্ধার করে পুলিশ। শিকল ও তালা দিয়ে আশফিয়াকে বেধে রাখা হত বলে পুলিশকে জানায় আশফিয়া। আশফিয়ার কেউ না থাকায় মামলার বাদী হয়েছে পুলিশ। 
 
উল্লেখ্য, বাজার রোডের গৃহকর্মী আশফিয়া নির্যাতন সইতে না পেরে সোমবার পালিয়ে গিয়ে অপরিচিত লোকজনের কাছে আশ্রয় নেয়। বিষয়টি পুলিশকে অবহিত করলে ব্যবসায়ী জুয়েল ও তার স্ত্রী দিনাকে আটক করা হয়। এ সময় গৃহকর্মী আশফিয়া পুলিশকে জানান, সারাদিন শেকল দিয়ে বেঁধে রাখতো। মারতো, হাতের ভিতর সুঁই ঢুকিয়ে দিত।
 
ইত্তেফাক/ইউবি