মৌলভীবাজারের বড়লেখায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির নাম মুকলেছ উদ্দিনকে (৪৫)। সে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের পকুয়া গ্রামের মৃত মনাফ আলীর পুত্র। গত সোমবার (০৫ মার্চ) বিকেলে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল আলম পকুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
পুলিশ জানিয়েছে, জিআর ২১/২০০৫ (বড়লেখা) হত্যা মামলার রায়ে আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারদণ্ড ও ১ লাখ টাকা অর্থদন্ডের আদেশ দেন। এছাড়া অর্থদণ্ড অনাদায়ে তার বিরুদ্ধে আরো একবছর কারাদণ্ডের আদেশ রয়েছে। মামলার রায়ের পর থেকে মুকলেছ উদ্দিন পলাতক ছিলেন।
বড়লেখা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (০৬ মার্চ) বিকেলে বলেন, ‘আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতকে জেল হাজতে পাঠানো হয়েছে।’
হত্যা মামলার পরোয়ানাভুক্ত গ্রেফতার হওয়া আরেক আসামির নাম বাবুল মিয়া (৩৮)। সে উপজেলার দক্ষিণ শাহবাজাপুর ইউনিয়নের বোবারথল গ্রামের মৃত আব্দুল নূরের পুত্র। গত সোমবার (০৫ মার্চ) রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বোবারথল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, বাবুল মিয়া ২০১১ সালে বোবারথল এলাকায় আব্দুস ছালাম হত্যা মামলার আসামি। মামলা নং জিআর ২৯/১১ (বড়লেখা)। এ মামলায় দীর্ঘদিন থেকে বাবুল মিয়া পলাতক ছিলেন।
বড়লেখা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আদালতের মাধ্যমে তাকে গতকাল মঙ্গলবার (০৬ মার্চ) জেল হাজতে পাঠানো হয়েছে।’
ইত্তেফাক/নূহু