রংপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে প্রিন্স (২৮) নামের এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। এ সময় একজন গুলিবিদ্ধ সহ তিনজনকে আটক করা হয়েছে। আজ বুধবার ভোরে রংপুর মহানগরীর মুন্সিপাড়া কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
রংপুর কোতয়ালী থানার ওসি বাবুল মিয়া জানান, মুন্সীপাড়া কবরস্থানের সামনে ডাকাতির প্রস্তুতির গোপন খবরের ভিত্তিতে পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে ডাকাতদের কয়েকজন পালিয়ে যায়। পরে সেখান থেকে প্রিন্সের লাশ উদ্ধারসহ গুলিবিদ্ধ বাপ্পী ও দুইজনকে আটক করা হয়। বাকি দু'জনের নাম জানা যায়নি। গুলিবিদ্ধ বাপ্পীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ১টি ওয়ান শুট্যারগান, ১ রাউন্ড গুলি ও ৩টি রামদা উদ্ধার করা হয়।
ওসি জানান, ওই এলাকায় আরও ১০-১২ জন ডাকাত আত্মগোপন করে রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
ইত্তেফাক/এসএস