চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ছিল বাঙ্গালি জাতির মুক্তির সনদ। বাঙ্গালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের দিকনির্দেশনা। সে দিনের সেই অলিখিত ১৮ মিনিটের নিষ্কলুষ সূর্যোদয়ের মতো সত্য ভাষণ শুধু বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য নয়, পৃথিবীর যে কোন প্রান্তে মুক্তিকামী জনগণের জন্য একটি অগ্নিগর্ভ প্রেরণা। ৭ মার্চ উপলক্ষে চৌগাছা উপজেলার ভাস্কর্যে মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেছেন, ৭ মার্চের ভাষণ বাংলাদেশের মানুষের হৃদয়কে উদ্বেলিত করে, উচ্ছ্বসিত করে সংগ্রামী চেতনায় উজ্জীবিত করেছিল। তিনি বলেন যে মুজিবের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না, সেই মুজিবকে পাকিস্তনিদের মদদপুষ্ট তৎকালীন একদল বিপথগামী সৈন্য স্বাধীনতাকে অস্তমিত করতে বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীন বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শাহাজান কবির। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেবশিষ মিশ্র জয়, চৌগাছা পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, স্বেচ্ছা সেবকলীগের আহ্বায়ক জিয়াউর রহমান রিন্টু, ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, আওয়ামীগ নেতা দেওয়ান তৌহিদুর রহমান, মাস্টার সিরাজুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি