সিদ্ধিরগঞ্জে ঢাবি ছাত্রদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সিদ্ধিরগঞ্জের শিমরাইল ইউটার্ন এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্ররা ব্যারিকেড দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। বিশ্ববিদ্যালয়ের একটি পরিবহনের হেলপারকে শীতলক্ষ্যা পরিবহনের শ্রমিকরা মারধর করায় ছাত্ররা মহাসড়কে এ ব্যারিকেড দেয়।
 
বুধবার সকালে শিমরাইল-নারায়ণগঞ্জ সড়কের গোদনাইল এসওরোড এলাকায় সাইড দেয়াকে কেন্দ্র করে শীতলক্ষ্যা পরিবহনের বাসের হেলপারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মৈত্রী বাসের হেলপার টিপু সুলতানের হাতাহাতির ঘটনা ঘটে। পরে মৈত্রী বাস শিমরাইল মোড়ে পৌঁছালে শীতলক্ষ্যা পরিবহনের কয়েকজন চালক ও হেলপার ওই বাসের হেলপারকে মারধর করে রক্তাক্ত জখম করে।
 
এ ঘটনার জেরে ঢাবির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ইউটার্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাস সড়কের ওপর রেখে অবরোধ করে। এ সময় উভয় দিকের যান চলাচাল বন্ধ হয়ে পড়লে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
 
খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি (ট্রাফিক) আব্দুর রশিদ, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মোল্ল্যা তাসলিম হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার, টিআই শরিফ-উল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রদের সঙ্গে আলোচনা শেষে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়। এ সময় শীতলক্ষ্যা পরিবহনের চালক মো. জাহাঙ্গীরকে আটক করেছে পুলিশ।
 
ইত্তেফাক/আরকেজি