সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে তিশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে নারীসহ ২জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার রাত ১০টায় উপজেলার মল্লিকেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম আলী সরদার জানান, ঢাকা থেকে কুমিল্লার কোম্পানীগঞ্জমুখী তিশা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-৫৩১৪) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নারী ও পুরুষ মারা যায়। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরো জানান, ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

আহত যাত্রী মোশারফ হোসেন বলেন, বাসটি দ্রুত গতিতে চলছিল। চালককে বার বার নিষেধ করার পরও চালক বাসটি নিয়ন্ত্রনে না নিয়ে দ্রুতগতিতে চালাচ্ছিল। হঠাৎ একটি গাড়ি সাইড নিতে গেলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়।

ইত্তেফাক/নূহু