গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরায় দেবত্তর (চেরেংগা) গ্রামের ব্রিজের পাশে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শাওন (৯) নামে এক স্কুল শিক্ষার্থী মারা গেছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটি ভাঙচুর করেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পলাশবাড়ী-ইদিলপুর সড়কের ওই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন ওই ইউনিয়নের হরিনাথপুর গ্রামের লাল মোহন দাসের ছেলে ও স্থানীয় দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
সাদুল্লাপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, স্কুলে যাওয়ার পথে শাওনকে বিপরীতদিক থেকে আসা ট্রাক্টরটি চাপা দেয়। এতে তার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। এঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাক্টরটি আটক করে ভাঙচুর চালিয়ে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ট্রাক্টর চালক কৌশলে পালিয়ে যায়।
ইত্তেফাক/এসএস