নড়াইলে সাংবাদিককে কুপিয়ে গুরুতর আহত

যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোর পত্রিকার নড়াইল সদর প্রতিনিধি মশিয়ার রহমান (৪৭) নামে এক সাংবাদিককে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে বৃহম্পতিবার সকালে লোহাগড়া উপজেলার হ্যাচলাগাতি গ্রামে।
 
আহতের ছেলে আব্দুর রাকিব জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তার বাবাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা ধারলো অস্ত্র দিয়ে এলাপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।
 
আহত মশিয়ার জানান, এলাকার সরকারি গাছ কাটাসহ সন্ত্রাসীদের বিভিন্ন অপকর্মের খবর পত্রিকায় প্রকাশের জের ধরে আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়ি থেকে ডেকে নিয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়িভাবে কোপায় এবং রড দিয়ে পেটাতে থাকে। আমার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
 
নড়াইল সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার অলোক কুমার জানান, আহত মশিয়ার রহমানের মাথাসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। লাহুড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর কমল কান্তি পাল জানান, মশিয়ারের উপর হামলাকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
 
ইত্তেফাক/আরকেজি